
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব আবাসন প্রকল্পে স্বপ্নের ঠিকানা পেলো ৬০ পরিবার।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালর দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব আবাসন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব)নাজমুন আরা সুলতানা
ও খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উদ্বোধনের পরপরই প্রকল্পের উপকারভোগীদের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
খাগড়াছড়ি পৌর শহরের শালবনের রসুলপুর এলাকায় প্রায় পাঁচ একর জায়গার ওপর ১৪ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব আবাসন প্রকল্পের কাজ শুরু হয়ে শেষ হয় ২০২২ সালের ৩১ ডিসেম্বর।
রিসোর্টের আদলে গড়ে তোলা দৃষ্টিনন্দন এই আবাসন প্রকল্পে সুপেয় পানি, যোগাযোগ, বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ, পুকুরসহ পর্যাপ্ত নাগরিক সুবিধা রয়েছে। প্রধান সড়কের সঙ্গে প্রশস্ত একটি সড়ক এসে মিশেছে আবাসন প্রকল্পে। সেখান থেকে ছোট সড়ক পৌঁছেছে প্রতিটি ভবনের প্রধান ফটকে। পাহাড়ের চূড়ায় ১৫টি আবাসিক ভবন। দুইতলা বিশিষ্ট প্রতি ভবনে ৪টি করে পরিবার বসবাস করবে।
পাহাড়ের চুড়ায় রিসোর্টের আদলে গড়ে তোলা এ আবাসন প্রকল্পে বিধবা, অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল পরিবারের ভাগ্যোন্নয়নে যোগ করছে নতুন মাত্রা এমনটাই মনে করছেন পাহাড়ের মানুষ।










