নিউজ ডেস্ক

সাতকানিয়ায় ৩ বাস পোড়ানোর ঘটনায় মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের আঁধারে ৩ বাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সাতকানিয়া থানায় মামলাটি দায়ের হয়।

মামলায় জামায়াত নেতা ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম এবং বিএনপি নেতা মুজিবুর রহমানসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫/৩০জনকে আসামি করা হয়েছে।

এর আগে, সোমবার ভোররাত ৪টার দিকে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
সাতকানিয়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ জানায়, সাতকানিয়া রাস্তার মাথার দক্ষিণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে একটি মাঠে বাসগুলো পার্কিং করা ছিল। সোমবার ভোররাতে বাসগুলোতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, ভোররাত চারটার দিকে দুইটি মোটরসাইকেল যোগে পাঁচজন যুবক এসে পরপর তিনটি বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।

শ্যামলী বাসের মালিক সিরাজুল হক জানান, বাসগুলো মেরামত শেষে রবিবার রাতে পার্কিংয়ে রাখা হয়। ভোরে লোকজন ফোন করে জানায়, বাসগুলোতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থলে এসে দেখি বাসে আগুন জ্বলছে। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা এসএম হুমায়ুন কার্ণায়েন বলেন, ভোরে বাসে আগুন দেওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করি। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, বাসগুলো সাতকানিয়া রাস্তার মাথার দক্ষিণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে একটি মাঠে দাঁড়ানো ছিল। ভোররাতে আগুন দিয়েছে। আগুন দেওয়ার কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন