নিউজ ডেস্ক

চকরিয়ায় মোবাইল চোর সিন্ডিকেটের হাতে কলেজ শিক্ষার্থীর খুন

সোহেল আজিম, পেকুয়া প্রতিনিধি।

কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আসহাবুল করিম জিহাদ (২০) নামের এক কিশোর নিহত হয়েছে । নিহত কিশোর কক্সবাজার সিটি কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী।

এই ঘটনায় সন্দেহভাজন একজনকে স্থানীয়রা আটকের পর পুলিশের কাছে সোপর্দ করে।

শুক্রবার (১লা ডিসেম্বর) রাত আটটার দিকে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনার পশ্চিমে বাঘগুজারা এলাকার নির্জন স্থানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী জিহাদ পাশ্ববর্তী পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়ার অবসরপ্রাপ্ত সেনা সদস্য মকসুদুল করিম বাচ্চুর পুত্র।

স্থানীয় বাসিন্দা ও কোনাখালী ইউনিয়ন পরিষদের সদস্য বকুল আকতার জানান- ঘটনায় জড়িত সন্দেহভাজন হিসেবে আটককৃত সোহান (২৮)কোনাখালী ইউনিয়নের দুই নং ওয়ার্ডের কুতুবদিয়া পাড়ার দলিলুর রহমানের ছেলে।পেশায় সে ইজিবাইক (টমটম) চালক।

জানা যায়, কোনাখালীর একটি মোবাইল চোর সিন্ডিকেটের ৪-৫ জন সদস্য সন্ধ্যার দিকে মরংঘোনা স্টেশনে জিহাদের সাথে কথা বলার মাঝে বাকবিতণ্ডায় জড়িয়ে যায়। একপর্যায়ে তারা জিহাদকে টেনে হিচড়ে নির্জন জায়গায় নিয়ে যায় এবং ছুরিকাহত ও বেধড়ক মারধর করে পালিয়ে যায়। ছুরিকাঘাত করে পালানোর সময় এলাকাবাসী একজনকে ধরে পুলিশে সোপর্দ করে। আহত জিহাদকে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পাশ্ববর্তী পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেল হোসেন বলেন, নিহতের  বুকে চারটা ছুরিকাঘাত ছিল। এরমধ্যে হার্টের মাঝখানে গুরুতর একটা আঘাত ছিল। ধারণা করছি এ আঘাতটার কারণেই ভিকটিম ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

নিহতের সুরতহাল প্রতিবেদন করেন পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান। তিনি বলেন, নিহতের বুকে চারটা ছুরির আঘাত রয়েছে। মাথায়ও ভারী কোন বস্তুর আঘাত আছে। এছাড়া বুকের এক পাশ ও ডান হাতের চামড়া ছিঁড়ে গেছে।সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে মোবাইল ফোন সংক্রান্ত বিষয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় জনতা সোহান নামের একজনকে আটক করেছে। পরবর্তীতে আরো সবিস্তারে জানা যাবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন