
নিজস্ব প্রতিবেদকঃ
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের গ্রুপ পর্বে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। শিরোপা রক্ষার লড়াইয়ে ফাইনালে ভারতকে মোকাবিলা করে স্বাগতিকরা। নির্ধারিত সময়ের মধ্যে ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারের সিদ্ধান্ত হয়। টাইব্রেকারে ১১-১১ গোলে সমতা হওয়ায় টসভাগ্যে নির্ধারিত হয় শিরোপা। টসভাগ্যে ভারতকে জয়ী ঘোষণা করেন রেফারি। শিরোপা বঞ্চিত হয় বাংলাদেশ। তিন বছর আগে ঘরের মাঠে অনূর্ধ্ব–১৯ নারী সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ।
ম্যাচ রেফারির এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করে বাংলাদেশ। কারণ টুর্নামেন্টের বাইলজে টস ছিল না। বাইলজ অনুযায়ী, এই ম্যাচে পেনাল্টি শুটআউট চলবে। সাডেন ডেথে হবে নিষ্পত্তি। বাংলাদেশের প্রতিবাদে শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার জয়সুরিয়া সিলভা ভুল স্বীকার করে নেন এবং নিয়ম অনুযায়ী টাইব্রেকার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেন। এর প্রতিবাদে প্রতিবাদে ভারত মাঠ ছেড়ে চলে যায়। তবে বাংলাদেশ দল মাঠে অবস্থান করছে।
নিয়ম অনুযায়ী, যতক্ষণ পর্যন্ত কোনো এক দল এগিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত শট নেওয়া চলতে থাকবে। কিন্তু অনূর্ধ্ব-১৯ সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে তেমনটা হয়নি। নেপালি রেফারি অঞ্জনা রায় টাইব্রেকার চলমান রাখতে দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখন শ্রীলঙ্কার জয়সুরিয়া সিলভা রেফারিকে ডেকে এনে টস করার নির্দেশনা দেন।
বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার ও ভারতের অধিনায়ক নিতু লিন্ডাকে ডেকেই রেফারি কিছু বোঝার আগে টস সেরে ফেলেন। যেখানে টস ভাগ্যে জিতে যায় ভারত। পরে বাংলাদেশের খেলোয়াড়-কর্মকর্তারা প্রতিবাদ করলে বাইলজ ঘেটে রেফারিরা দেখেন, টসের নিয়ম নেই। টাইব্রেকার চলমান থাকবে। ফলে টস বাতিল করা হয়।
বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচ অফিসিয়াল ৩০ মিনিট ভারতের মাঠে ফেরার অপেক্ষায় থাকবেন। তারা খেলতে না চাইলে তিনি পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন।










