
নিজস্ব প্রতিবেদকঃ
কোপা আমেরিকায় ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে জয় প্রয়োজন ছিল ব্রাজিলের। তবেই গ্রুপসেরা হিসেবে কোয়ার্টারে উঠে দুর্বল পানামাকে পেত সেলেসাওরা। সেটা হয়নি। ১-১ গোলের ড্র নিয়ে কোয়ার্টার নিশ্চিত করে তারা পড়েছে কোচেদের কোচ মার্সেলো বিয়েলসার উরুগুয়ের মুখে। এখানেই শেষ নয়। এ ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচটি থেকে ছিটকে গেছেন ব্রাজিল আক্রমণের প্রাণভোমরা ভিনিসিয়ুস জুনিয়র।
ম্যাচের প্রথমার্থে খুব একটা আধিপত্য দেখাতে পারেনি সেলেসাওরা। তবুও ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় তারা। বার্সেলোনার উইঙ্গার রাফিনহার দুর্দান্ত এক ফ্রিকিকে এগিয়ে যায় ৯ বারের কোপা চ্যাম্পিয়নরা। তবে এ ম্যাচে বড় এক ভুল করে বসেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের শুরুতেই হামেশ রদ্রিগেজকে ফাউল করে বসেন এই উইঙ্গার।
আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে বড় ব্যবধানে জিতলেও দুশ্চিন্তা ছিল ভিনিসিয়ুসকে নিয়ে। কারণ পরপর দুই ম্যাচে হলুদ কার্ড পেলে এক ম্যাচ নিষিদ্ধ করা হয় সেই খেলোয়াড়কে। সেই ভুলটাই করে বসলেন ব্রাজিলের তারকা ভিনিসিয়ুস। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের ৮৩ মিনিটে হলুদ কার্ড পেয়েছিলেন এই ফরোয়ার্ড।
আজ ব্রাজিলিয়ান কোচ দরিভাল জুনিয়র তাকে শুরু থেকেই মাঠে নামান। ম্যাচের ৭ মিনিটে রদ্রিগেজকে ফাউল করলে হলুদ কার্ড দেখানো হয় তাকে। যার জন্য পরের ম্যাচে খেলতে পারবেন না ভিনিসিয়ুস।
প্রথমার্ধের যোগ করা সময়ে দানিয়েল মুনোজ সমতায় ফেরান কলম্বিয়াকে। দ্বিতীয়ার্ধে আর গোল না হওয়ায় ওই ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।










