নিউজ ডেস্ক

চট্টগ্রামে হত্যাকান্ডঃ হাসিনা, মাহতাব, নাসির সহ ৭৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

রুমেন চৌধুরী, বিশেষ প্রতিনিধি:

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাইয়ে চট্টগ্রামে হত্যা, গণহত্যা ও নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।

 

আজ ২১ আগস্ট বুধবার ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় চট্টগ্রামে নিহত ফয়সাল আহমেদের বাবা জাকির হোসেন এ অভিযোগ দায়ের করেন। বাদীর অভিযোগে উল্লেখযোগ্য আসামিরা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, চট্টগ্রাম নগর আওয়ামীলীগের সভাপতি মাহতাব উদ্দিন আহমদ, সাধারন সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন, সাবেক চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী ও সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।

 

বাদীর আর্জিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ৮ ধারা অনুসারে আসামিদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ৩(২) ও ৪(১)/৪ (২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন