দেশে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ চট্টগ্রামে ১০ দফা দাবি জানিয়েছে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ।শনিবার (২৪ আগষ্ট) সকালে চট্টগ্রাম নগরের রহমতগঞ্জের কে.বি আব্দুর সাত্তার সড়কের পরিষদের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করার মাধ্যমে এসব দাবি তুলে ধরেন জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন। তিনি বলেন, জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ-কেন্দ্রীয় কমিটির আয়োজনে আগামী ২৬ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত ৩ দিনব্যাপী শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী উৎসব সারাদেশে উদযাপনের পাশাপাশি চট্টগ্রামের জেএম সেন হলে অনুষ্ঠানমালার মাধ্যমে করা হবে। তবে মহাশোভাযাত্রা এবার বের না করে উৎসবের ব্যয় সীমিত করে দেশের বন্যাদুর্গত মানুষের জন্য ৫ লাখ টাকা ত্রাণসামগ্রী বিতরণ করা হবে বলে জানান তিনি। এসময় তিনি ৫ ই আগষ্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সংখ্যালুঘু সম্প্রায়ের উপর যে হামলা হয়েছে তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের ব্যবস্থা করা সহ সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। আয়োজিত এ সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জন্মাষ্টমী পরিষদের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাড. তপন কান্তি দাশ, অ্যাড চন্দন তালুকদার, বিমল কান্তি দে, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী লীলারাজ গৌরদাস ব্রহ্মচারী, চিন্ময় কৃষ্ণদাশ ব্রহ্মচারী, গদাধর দাস ব্রহ্মচারী, মুকন্দ ভক্তিদাস ব্রহ্মচারী, রাম বিহারী কৃষ্ণ চন্দ্র দাশ, লায়ন দুলাল চন্দ্র দে, লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য সহ আরো অনেকে।