চট্টগ্রামের পটিয়ায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একটি গাড়িতে আগুন লাগে।শুক্রবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পটিয়া শান্তির হাট জিরি ইউনিয়নের মাদ্রাসা গেইট এলাকায় বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে । তবে এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রতেক্ষ্যদর্শীরা জানান, জিরি মাদ্রাসা গেইট সংলগ্ন শান্তিরহাট বাজারে রাখা একটি মিনি ট্রাকের ব্যাটারি সংযোগ থেকে শর্ট সার্কিট হয়। এসময় গাড়িতে রাখা গ্যাস ভর্তি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। আগুনের খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে ছুটে গেলেও তাদের পৌঁছানোর আগেই গাড়িটি পুড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার উপ পরিদর্শক মোহাম্মদ আসাদ জানান, গাড়িতে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।