ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে। ২০২৬ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার জয়ের পর দেওয়া তার একটি রসিকতাপূর্ণ ফেসবুক পোস্ট নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
বুধবার (১৫ জুলাই) রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ শুরুর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমনি লিখেছিলেন, 'আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব, ফাইনাল।'
পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভক্ত-অনুরাগীরা মজার ছলে পোস্টটি শেয়ার করে নানা ধরনের মন্তব্য করতে থাকেন।
এরপর ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর আবারও একটি পোস্ট দেন পরীমনি। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে উদ্দেশ করে তিনি লেখেন, 'Harry Kane, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!'
পরীমনির এই রসিকতাপূর্ণ মন্তব্যও দ্রুত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। অনেকেই এটিকে ফুটবল উন্মাদনার অংশ হিসেবে দেখেছেন, আবার কেউ কেউ মজার ছলে অভিনেত্রীর 'বিয়ের ঘোষণা' নিয়েও আলোচনা শুরু করেন।
চলতি বিশ্বকাপজুড়েই আর্জেন্টিনার সমর্থক হিসেবে সরব রয়েছেন পরীমনি। দলের প্রতিটি জয়-পরাজয়ে তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন।
সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে আকাশি-সাদা আর্জেন্টিনা জার্সিতে দেখা যায় তাকে। জার্সির সামনে লেখা ছিল 'MESSI 10' এবং পেছনে 'PORI'। ভিডিওটির সঙ্গে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের নিয়ে তৈরি একটি বিশেষ সংগীতও ব্যবহার করেন তিনি।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক ফুটবল আসরে নিজের প্রিয় দলের প্রতি সমর্থন জানিয়ে আলোচনায় এসেছেন পরীমনি। এবারের বিশ্বকাপেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার ফুটবল-উচ্ছ্বাস ভক্তদের নজর কেড়েছে।
আরু/