মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মাত্রায় প্রিজারভেটিভ ব্যবহারের প্রমাণ পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সঙ্গে পণ্যগুলোর উৎপাদন, বিপণন ও বিক্রি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ভোক্তাদের এসব পণ্য ক্রয় ও গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) জারি করা এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বিএফএসএ জানায়, পরীক্ষাগারে (ল্যাব) নমুনা বিশ্লেষণে সংশ্লিষ্ট খাদ্যপণ্যগুলোতে মানবদেহের জন্য ক্ষতিকর মাত্রায় প্রিজারভেটিভের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ ধরনের উপাদান দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করতে পারে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা পণ্যগুলো হলো—ইষ্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’, ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ এবং আরবোটিং ফুড কোম্পানি লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।
বিএফএসএ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত এসব পণ্য বাজার থেকে প্রত্যাহার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে দেশের সব পরিবেশক ও বিক্রেতাকে পণ্যগুলোর বিক্রি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি, নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম অব্যাহত থাকবে। খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জনস্বাস্থ্য সুরক্ষায় ভোক্তাদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বিএফএসএ বলেছে, নিষিদ্ধ ঘোষিত এসব খাদ্যপণ্য কেনা বা গ্রহণ থেকে বিরত থাকাই নিরাপদ।
ইতি/