বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে আজ রোববার (১৯ জুলাই) রাতে রাজধানী ঢাকায় বসছে ফুটবল ও সংগীতপ্রেমীদের জন্য এক বিশেষ আয়োজন। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ উপলক্ষে অনুষ্ঠিত হবে জায়ান্ট স্ক্রিনিংয়ের পাশাপাশি দুটি জমকালো কনসার্ট। এতে পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন সঞ্জয় দেব। এরপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আয়োজিত বিশ্বকাপ ফ্যান ফেস্টেও পারফর্ম করে দর্শকদের প্রশংসা কুড়ান তিনি। সেই বিশ্বকাপ সফরের ধারাবাহিকতায় এবার ঢাকার দর্শকদের মাতাতে প্রস্তুত এই শিল্পী।
এরই মধ্যে ঢাকায় পৌঁছে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন সঞ্জয় দেব। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “বিশ্বকাপ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও আরও কয়েকটি আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করেছি। এবার সেই অভিজ্ঞতা নিয়ে নিজের শহর ঢাকায় গাইতে পারব—এটা আমার জন্য বিশেষ অনুভূতির। এই কনসার্ট নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত।”
আয়োজকদের আশা, বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চের পাশাপাশি সঞ্জয় দেব ও প্রীতম হাসানের প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের জন্য রাতটিকে স্মরণীয় করে তুলবে। ফুটবলের উত্তেজনা আর সংগীতের উচ্ছ্বাস—দুইয়ের মিলনে রাজধানীতে তৈরি হবে এক ভিন্নমাত্রার উৎসবের আবহ।
ইতি/