চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইলিয়াস ফিলিং স্টেশন এবং রয়েল গেট এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুইজনের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে উল্টে যায়। এতে অন্তত আটজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে চার থেকে পাঁচজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা শাহ (২০) এবং আরিফ মো. ইউসুফ (৫১)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নূরে আলম আশেক জানান, বাস দুর্ঘটনায় আহতদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এদিকে একই সকালে সীতাকুণ্ডের রয়েল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় এক পথচারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মিল্টন জানান, রয়েল গেট এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। অন্যদিকে কুমিরা ইলিয়াস ফিলিং স্টেশনের সামনে জোনাকি পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ৬ থেকে ৮ জন যাত্রী আহত হন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ইতি/