২০৩০ সালের শতবর্ষী ফুটবল বিশ্বকাপ ৬৪ দল নিয়ে আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে এই পরিকল্পনার কড়া সমালোচনা করেছেন স্প্যানিশ শীর্ষ ফুটবল লিগ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তাঁর মতে, এমন উদ্যোগ শুধু দায়িত্বজ্ঞানহীনই নয়, বরং বিশ্ব ফুটবলের দীর্ঘমেয়াদি কাঠামোর জন্যও হুমকিস্বরূপ।
ইতালির জনপ্রিয় ক্রীড়া দৈনিক লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তেবাস বলেন, বিশ্বকাপের গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই, কিন্তু মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য পুরো ফুটবল শিল্পকে ঝুঁকির মুখে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, বিশ্বকাপ যত গুরুত্বপূর্ণই হোক না কেন, ফুটবল বলতে শুধু বিশ্বকাপকেই বোঝায় না। তারা মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য পুরো ফুটবল–শিল্পকে ধ্বংস করে দিচ্ছে। অথচ এই শিল্প লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে, যেখানে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পায় মাত্র সীমিতসংখ্যক ফুটবলার।
ইনফান্তিনোর নেতৃত্ব নিয়েও প্রশ্ন সাক্ষাৎকারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়েও সরাসরি প্রশ্ন তোলেন তেবাস। তিনি দাবি করেন, ইনফান্তিনোর নেতৃত্বে ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় বড় ধরনের ত্রুটি রয়েছে।
তেবাসের ভাষায়, এক দশক ধরে ইনফান্তিনো বিশ্ব ফুটবলের প্রধান সংস্থা পরিচালনা করছেন। কিন্তু যে ব্যবস্থার ওপর ভর করে তিনি ক্ষমতায় আছেন, সেই ব্যবস্থাতেই বড় ধরনের সমস্যা রয়েছে। আমার বিশ্বাস, ফুটবলে ইনফান্তিনোর অধ্যায় এখন শেষের পথে।”
ঘরোয়া লিগের স্বার্থ উপেক্ষার অভিযোগ ফিফার আন্তর্জাতিক ম্যাচের ক্যালেন্ডার ও ক্রমবর্ধমান ম্যাচসংখ্যা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে ইউরোপের বিভিন্ন লিগ। সেই প্রসঙ্গ টেনে তেবাস বলেন, ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের চিন্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।
তিনি বলেন, আমরা বহুবার আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ত সূচি নিয়ে উদ্বেগ জানিয়েছি। এখন তারা আবার ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে। তাদের বোঝা উচিত, বিশ্ব ফুটবলের ভিত্তি হলো বিভিন্ন দেশের ঘরোয়া লিগ।”
তেবাসের মতে, আন্তর্জাতিক টুর্নামেন্টের সংখ্যা ও ম্যাচ কমিয়ে বরং দেশীয় লিগগুলোর সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। কিন্তু ফিফা সেই পথে না গিয়ে ধারাবাহিকভাবে এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা ভবিষ্যতে ফুটবলের ভারসাম্য নষ্ট করতে পারে।
২০৩০ বিশ্বকাপের পরিকল্পনা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি প্রথমবারের মতো প্রকাশ্যে জানান, ২০৩০ সালের শতবর্ষী বিশ্বকাপে দলসংখ্যা ৬৪-এ উন্নীত করার বিষয়টি আলোচনায় রয়েছে।
উল্লেখ্য, ২০৩০ সালের বিশ্বকাপের মূল আয়োজক হবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। পাশাপাশি বিশ্বকাপের শতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে একটি করে ম্যাচ আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
যদিও ৬৪ দলের বিশ্বকাপ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে বিষয়টি নিয়ে ফুটবল অঙ্গনে ইতোমধ্যেই ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে ইউরোপের শীর্ষ লিগগুলোর কর্মকর্তারা মনে করছেন, অতিরিক্ত ম্যাচ ও দীর্ঘ টুর্নামেন্ট খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে এবং ঘরোয়া ফুটবলের মান ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ইতি/