জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৬-২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রম আজ বুধবার (২২ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। করসেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে এবারও অধিকাংশ করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
করদাতাদের www.etaxnbr.gov.bd� পোর্টালে প্রবেশ করে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। এনবিআরের তথ্যমতে, ২০২১ সালে চালু হওয়া ই-রিটার্ন ব্যবস্থা ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ২০২৫-২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করেছেন, যা এ পর্যন্ত সর্বোচ্চ।
তবে কিছু ক্ষেত্রে কাগুজে রিটার্ন দাখিলের সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছেন ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি (প্রয়োজনীয় সনদপত্রসহ), বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার প্রতিনিধিরা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা। এছাড়া, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দাখিল সম্ভব না হলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে কাগুজে রিটার্ন জমা দেওয়া যাবে।
এনবিআর জানিয়েছে, করদাতারা অনলাইনেই ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন। রিটার্ন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহের সুবিধাও পাওয়া যাবে।
এদিকে, ২০২৬-২৭ করবর্ষে নতুন প্রণোদনার ঘোষণা দিয়েছে এনবিআর। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে প্রদেয় করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত করছাড় পাওয়া যাবে। তবে সেপ্টেম্বরের পর রিটার্ন দাখিল করলে এই প্রণোদনা প্রযোজ্য হবে না। আর ডিসেম্বরের পর রিটার্ন জমা দিলে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।
এনবিআর করদাতাদের নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য দিয়ে অনলাইনে রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে।
ইতি/