মুক্তির মাত্র দেড় মাসের মধ্যেই বিশ্বজুড়ে দর্শকদের নজর কেড়েছে দক্ষিণ কোরিয়ার নতুন সিরিজ টিচ ইউ আ লেসন । নেটফ্লিক্সের প্রকাশিত সর্বশেষ ছয় মাসের দর্শকসংখ্যার প্রতিবেদনে দেখা গেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সিরিজটির ভিউ হয়েছে ৪ কোটি ৮২ লাখ। সিনেমা বাদ দিলে সবচেয়ে বেশি দেখা সিরিজের তালিকায় এটি ষষ্ঠ স্থান দখল করেছে।
গত ৫ জুন নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিরিজটি দক্ষিণ কোরিয়ার সংকটাপন্ন শিক্ষাব্যবস্থাকে কেন্দ্র করে নির্মিত। গল্পে দেখানো হয়েছে, ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে একটি বিশেষ সংস্থা গড়ে ওঠে। অ্যাকশন, থ্রিলার এবং সামাজিক বার্তার সমন্বয়ে নির্মিত হওয়ায় অল্প সময়েই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সিরিজটি।
নেটফ্লিক্সের প্রতিবেদনে সবচেয়ে বেশি দেখা সিরিজের তালিকায় শীর্ষে রয়েছে ‘His and Hers’। এরপর রয়েছে ‘Bridgerton’–এর চতুর্থ মৌসুম, ‘I Will Find You’, ‘Stranger Things’–এর পঞ্চম মৌসুম এবং ‘Run Away’।
বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম Deadline–এর বিশ্লেষণ অনুযায়ী, ‘স্কুইড গেম’–এর পর নেটফ্লিক্সের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক দেখা কোরিয়ান সিরিজ হওয়ার পথে রয়েছে ‘টিচ ইউ আ লেসন’। তবে এখনো সবচেয়ে বেশি দেখা কোরিয়ান সিরিজের শীর্ষ তিনটি স্থান দখল করে আছে ‘Squid Game’–এর তিনটি মৌসুম।
এদিকে জনপ্রিয় কোরিয়ান সিরিজের তালিকায় আরও রয়েছে ‘Can This Love Be Translated?’ এবং ‘The Art of Sarah’। পাশাপাশি টেলিভিশন ও নেটফ্লিক্সে একযোগে প্রচারিত কোরিয়ান নাটকগুলোর মধ্যেও ভালো সাড়া মিলেছে। এ তালিকায় ‘My Royal Nemesis’ সর্বাধিক ১ কোটি ৫৭ লাখ ভিউ নিয়ে শীর্ষে রয়েছে।
বিশ্লেষকদের মতে, শক্তিশালী গল্প, সামাজিক বার্তা এবং অ্যাকশননির্ভর উপস্থাপনার কারণে ‘টিচ ইউ আ লেসন’ ইতোমধ্যেই ২০২৬ সালের অন্যতম আলোচিত কোরিয়ান সিরিজে পরিণত হয়েছে এবং বৈশ্বিক দর্শকদের কাছে এটি নতুন এক সাফল্যের নজির গড়ার পথে।
ইতি/