বাবাকে হারানোর শোক এখনো তাজা। চোখে অশ্রু, কাঁধে পরিবারের পুরো দায়িত্ব। তবু থেমে থাকেননি বাগেরহাটের এইচএসসি পরীক্ষার্থী ইকন। বাবার দাফন সম্পন্ন করে রাতভর কর্মস্থলে দায়িত্ব পালন করেছেন, আর পরদিন সকালে বসেছেন এইচএসসি পরীক্ষার হলে। জীবনের কঠিন বাস্তবতাকে সামনে রেখে তার এই সংগ্রামের গল্প ছুঁয়ে গেছে অসংখ্য মানুষের হৃদয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগেরহাট শহরের মুনিগঞ্জ মেডিকেল স্কুল রোড এলাকার বাসিন্দা ইসরাফিল দাড়িয়া (৪৫) মঙ্গলবার ভোরে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে সকাল ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইকনের ভাষ্য, আগের রাতে বাবার হঠাৎ বুকে ব্যথা শুরু হয়। গ্যাসের সমস্যা ভেবে তিনি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। রাতের মধ্যে কয়েকবার বমি করার পর অবস্থার অবনতি হলে ভোরে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত বাবাকে আর বাঁচানো যায়নি।
শোকের মধ্যেই বাবার দাফনের আনুষ্ঠানিকতা শেষ করে সেদিন রাতেই কাজে যোগ দেন ইকন। তিনি বাগেরহাট শহরের রেলরোড এলাকার কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে রাতের শিফটে পার্টটাইম দায়িত্ব পালন করেন। ব্যাংক কর্তৃপক্ষ ছুটির সুযোগ দিলেও সহকর্মীদের কথা ভেবে তিনি কাজে অনুপস্থিত হননি।
রাতের ডিউটি শেষ করেই বুধবার সকালে তিনি এইচএসসি পরীক্ষার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের পরীক্ষায় অংশ নেন। ইকন বাগেরহাট খান জাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।
জানা গেছে, পড়াশোনার পাশাপাশি চাকরি করেই পরিবারের খরচ চালাতে সহায়তা করেন ইকন। কারণ, পরিবারের বড় ছেলে ইমন একসময় বাবার সঙ্গে মোটরসাইকেল চালিয়ে সংসারে সহযোগিতা করলেও একটি সড়ক দুর্ঘটনার পর তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর থেকেই সংসারের প্রধান ভরসা হয়ে ওঠেন ইকন।
মৃত ইসরাফিল দাড়িয়া মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি স্ত্রী ও দুই ছেলেকে রেখে গেছেন।
একদিকে বাবাকে হারানোর গভীর শোক, অন্যদিকে মানসিকভাবে অসুস্থ বড় ভাই, সংসারের আর্থিক চাপ এবং নিজের শিক্ষাজীবন—সব মিলিয়ে কঠিন এক বাস্তবতার মুখোমুখি ইকন। কিন্তু প্রতিকূলতার কাছে হার না মেনে দায়িত্ববোধ, আত্মত্যাগ ও অদম্য মানসিক শক্তির যে উদাহরণ তিনি তৈরি করেছেন, তা ইতোমধ্যেই বাগেরহাটসহ দেশজুড়ে মানুষের প্রশংসা কুড়াচ্ছে।
ইকনের এই গল্প শুধু একজন শিক্ষার্থীর সংগ্রামের নয়; এটি দায়িত্ব, আত্মত্যাগ এবং স্বপ্নকে বাঁচিয়ে রাখার এক অনুপ্রেরণার নাম।
ইতি/