চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া এক নবজাতক কন্যাশিশু অবশেষে পেয়েছে নতুন পরিবার। প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শিশুটিকে স্থানীয় এক অটোরিকশাচালক ও তাঁর স্ত্রীর জিম্মায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) স্থানীয় সামাজিক সংগঠন ‘মায়া সংঘ’ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিশুটিকে নতুন বাবা-মায়ের কাছে তুলে দেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, গত ১৫ জুলাই ভোরে বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কোনাখালী এলাকা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করেন স্থানীয় এক অটোরিকশাচালক ও তাঁর পরিবার। উদ্ধার করার পরপরই তাঁরা শিশুটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন এবং নিরাপদ আশ্রয় নিশ্চিত করেন।
‘মায়া সংঘ’-এর সভাপতি গিয়াস উদ্দীন আকবর চৌধুরী জানান, উদ্ধারকারী পরিবারটি শুরু থেকেই শিশুটিকে নিজেদের কাছে রেখে লালন-পালনের আগ্রহ প্রকাশ করে। বিষয়টি প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের নজরে আনা হয় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে শিশুটিকে আনুষ্ঠানিকভাবে তাদের জিম্মায় দেওয়া হয়।
নবজাতকটির নতুন বাবা-মা বলেন, “প্রায় দুই সপ্তাহ ধরে শিশুটিকে নিজের সন্তানের মতো লালন-পালন করেছি। তার প্রতি আমাদের গভীর মায়া জন্মেছে। তাই তাকে অন্য কোথাও দিতে মন সায় দিচ্ছিল না।”
জানা গেছে, ওই দম্পতির পাঁচ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। ফলে নবজাতকটির দেখভাল ও লালন-পালনে তাঁদের কোনো ধরনের সমস্যা হচ্ছে না।
ইতি/