২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা ও উসকানির অভিযোগে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনসহ সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলামের কাছে রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ) নামের একটি সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস অভিযোগপত্র জমা দেন।
অভিযোগে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্নভাবে প্ররোচনা, সহযোগিতা, উসকানি কিংবা সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসব অভিযোগের নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের স্বার্থে ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে।
অভিযোগে যাদের নাম রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, অভিনেতা আসাদুজ্জামান নূর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি, অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম, অভিনেতা রিয়াজ আহমেদ, সাংবাদিক আনিস আলমগীর, উপস্থাপিকা সোমা ইসলামসহ মোট ২৮ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মী।
এ বিষয়ে রাষ্ট্রসংলাপ ফোরামের সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস বলেন, অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।
তবে উল্লেখ্য, অভিযোগ দাখিল করা মানেই অভিযুক্তদের অপরাধ প্রমাণিত হওয়া নয়। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে ট্রাইব্যুনাল পরবর্তী আইনগত সিদ্ধান্ত গ্রহণ করবে।
আরু/