চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ২৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (প্রতিবেদনের দিন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত সর্বশেষ ২৪ ঘণ্টার (রোববার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মারা যাওয়া নারীর নাম নুরজাহান বেগম (৬০)। তিনি নগরের পাঁচলাইশ এলাকার বাসিন্দা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তাঁকে মৃত অবস্থায় নগরের পার্কভিউ হাসপাতালে আনা হয়। ডেঙ্গুজনিত মাল্টিপল অর্গান ডিসফাংশন সিনড্রোম (MODS) ও এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম ছাড়াও তিনি উচ্চ রক্তচাপজনিত জটিলতায় ভুগছিলেন।
এ নিয়ে চলতি বছরে চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে। এর মধ্যে শুধু জুলাই মাসেই মারা গেছেন ২ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২৭ জনের মধ্যে ১৫ জন বিভিন্ন বেসরকারি হাসপাতালে, ৮ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১ জন করে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে ১৬ জন চট্টগ্রাম নগরের, ১০ জন জেলার বিভিন্ন উপজেলার এবং ১ জন অন্য জেলার বাসিন্দা।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত চট্টগ্রামে ৭৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু জুলাই মাসেই আক্রান্ত হয়েছেন ৪৫৭ জন, যা বছরের মোট আক্রান্তের বড় একটি অংশ। এ বছরের প্রথম ডেঙ্গুজনিত মৃত্যু হয় ফেব্রুয়ারি মাসে। পরবর্তী দুইজনের মধ্যে একজন মারা যান ১১ জুলাই, আর সর্বশেষ মৃত্যু হয়েছে নুরজাহান বেগমের। মৃত তিনজনের মধ্যে দুজন নগর এলাকার এবং একজন সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাসাবাড়ি ও আশপাশে কোথাও যেন পরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। সময়মতো চিকিৎসা গ্রহণ এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করলে ডেঙ্গুর সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।
ইতি/