সংবাদ দাতা
ম.এস.এ সোহেল আরমান,চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধ নিয়ে প্রতিপক্ষের গুলিতে মোহাম্মদ হাসান (৩৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার বিএমচর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড বাক্কার পাড়ায় এ ঘটনা ঘটে। আহত হাসান ওই এলাকার আলী আহমদের ছেলে।
এ দিকে আহত হাসানকে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, আলী আহমদ তার পৈত্রিক জমিতে দীর্ঘদিন ধরে ভোগদখলে থেকে চাষাবাদ করে আসছে।
বৃহস্পতিবার বিকালে স্থানীয় গিয়াস উদ্দীন নামে জনৈক ব্যক্তি ২০-৩০ জন সশস্ত্র ভাড়াটিয়া লোকজন নিয়ে উক্ত জমি ক্রয় করেছে মর্মে জমিতে চাষাবাদে বাধা প্রদান করেন। এ নিয়ে বাকবিতন্ডা হয়। পরে গিয়াস উদ্দীনের ভাড়াটিয়া সন্ত্রাসীরা আলী আহমদের বাড়িতে গিয়ে প্রকাশ্যে গুলি ছোঁড়ে। এক পর্যায়ে মো. হাসান গুলিবিদ্ধ হয়ে মাঠিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
আহত হাসানকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে জানান আহতের ফুপাতো ভাই এডভোকেট মোহাম্মদ পারভেজ।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, গুলিবিদ্ধ হয়ে আহতের ঘটনা শুনেছি। এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।