মিজবাহ উদ্দীন আরজু, (মহেশখালী প্রতিনিধি):
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলাধীন শাপলাপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকা মুকবেকীতে অবস্থিত “শাপলাপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নিজস্ব জমি না থাকায় উক্ত বিদ্যালয়কে ৩০ (ত্রিশ) শতক জমি দান করেছে এ. কে. খাঁন এন্ড কোম্পানি লিমিটেড। ২০০১ সালে উক্ত বিদ্যালয়টি একাডেমিক কার্যক্রম শুরু করে। অত্র বিদ্যালয়ে বর্তমানে প্রায় ২৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, উক্ত বিদ্যালয়ের নিজস্ব জমি না থাকায় বহুতল ভবন নির্মাণ ও খেলার মাঠসহ অন্যান্য স্থাপনা তৈরী করা সম্ভব হয়নি। তাছাড়া নিজস্ব জমির অভাবে সরকারি বরাদ্দ ও এমপিও ভূক্তির আবেদন করাও স্কুলের পক্ষে সম্ভব হয়নি। ফলে এমপিওভূক্তিসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম থেকে স্কুলটি বঞ্চিত হয়ে আসছিল। বিষয়টি বাংলাদেশের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য এ. কে. খাঁন এন্ড কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষের সদয় দৃষ্টিগোচর হলে কোম্পানি মুকবেকী এলাকার মেয়েদের শিক্ষার প্রসার ও উক্ত স্কুলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে জমি দানের উদ্যোগ গ্রহন করে। এর প্রেক্ষিতে গত ০৫ অক্টোবর, ২০২৩ বৃহস্পতিবার এ. কে. খাঁন এন্ড কোম্পানি লিমিটেড এর কক্সবাজারস্থ কলাতলি অফিসে ৩০ (ত্রিশ) শতক জমি “শাপলাপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়” এর নামে দানপত্র দলিল রেজিষ্ট্রি সম্পন্ন করে। এ. কে. খাঁন এন্ড কোম্পানি লিমিটেড 'র পক্ষে উক্ত কোম্পানির সম্মানিত চেয়ারম্যান আবু মোহাম্মদ জিয়া উদ্দিন খাঁন উক্ত দানপত্র দলিল স্মাক্ষর করেন। এ. কে. খাঁন এন্ড কোম্পানি লিমিটেড উক্ত জমি দান করায় এখন স্কুলের নিজস্ব বহুতল ভবন, খেলার মাঠ, শৌচাগার, লাইব্রেরি সহ অন্যান্য প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ করা সম্ভব হবে। এর মধ্য দিয়ে অত্র এলাকায় মেয়েদের শিক্ষার দ্বার উন্মুক্ত হলো। উক্ত জমির দানপত্র দলিল রেজিষ্ট্রি অনুষ্ঠানে এ. কে. খাঁন এন্ড কোম্পানি লিমিটেড'র সম্মানিত চেয়ারম্যান ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ. কে. খাঁন এন্ড কোম্পানি লিমিটেড'র চীফ এষ্টেট ম্যানেজমেন্ট মোঃ দাবিরুল ইসলাম, জেনারেল ম্যানেজার মেজর (অবঃ) ফেরদৌস কায়সার খাঁন, সিনিয়র এক্সিকিউটিভ মোঃ হাফিজুর রহমান শেখ, শাপলাপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আব্দুল খালেক চৌধুরী, স্কুল পরিচারনা কমিটির সভাপতি রশিদ আহমদ, সম্পাদক নূর আলম, প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস, মাস্টার ফখরুল ইসলামসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।