সোহেল আরমান চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় উপজেলার কাকারা ইউনিয়নে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত ইজিবাইকের একজন নারী যাত্রী নিহত হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) দুপুর ১২ টা ৪৫ মিনিটের সময় চকরিয়ার কাকার ইউনিয়নের পুলের ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ঝুমুরের বাড়ি হচ্ছে চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নে।
দুর্ঘটনার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে কাকারা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন, শুক্রবার দুপুর ১২ টা ৪৫ মিনিটের সময় একটি ব্যাটারি চালিত ইজিবাইক কাকারা থেকে চকরিয়া যাওয়ার সময় পিছন থেকে দ্রুত গতিতে এসে একটি মালবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ সন্তানের জননী ঝুমুর নামে এক নারী যাত্রী নিহত হয়।
তিনি আরো বলেন, ঘাতক মালবাহী ট্রাকটি ইজিবাইকটি কে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘাতক ট্রাক ও চালক পালাতক রয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।