নিজস্ব সংবাদদাতা
অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়ায় জাতির বিবেক সাংবাদিকগণের অপরিসীম অবদান রয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবের কার্যকরী কমিটির সাথে মতবিনিময় অনুষ্ঠানে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান এ আহবান জানান। তিনি আরো বলেন, মানবসেবা-ই আমার প্রথম, দ্বিতীয় এবং শেষ লক্ষ্য। কেননা, মানবসেবার মাধ্যমেই মানব কল্যাণ, মহান আল্লাহর সন্তুষ্টি ও আখেরাতের মুক্তি অর্জন করা সম্ভব।
লায়ন মোহাম্মদ ইমরান বলেছেন, দেশ ও দেশের আপামর জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সমর্থন করুন। আমাকে সহযোগিতা করার মানে হলো, জনগণকে সহযোগিতা করা, দেশের পাশে দাঁড়ানো। কেননা, আমি তৃণমূল জনগণের পক্ষ থেকে এগিয়ে এসেছি তাদের সকল সুখ-দুঃখ, হাসি-কান্নায় তাদের পাশে শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে যাবো বলে।
সীতাকুণ্ডের কৃতীসন্তান, শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ লায়ন মোহাম্মদ ইমরান বলেন, আমার দৃষ্টি শুধু সীতাকুণ্ডে সীমিত নয়। আমি দেশের জন্য এবং বাংলাদেশের মান-মর্যাদা বিশ্বদরবারে সমুজ্জল করতে চাই- যেমনটি করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। আমার জন্মস্থান সীতাকুণ্ডকে অপরাধমুক্ত সুশিক্ষিত একটি আধুনিক উপজেলায় রূপান্তরিত করার মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ অভিযান শুরু করতে চাই।
তিনি বলেন, ইতোমধ্যে সীতাকুণ্ডের মানুষের ঘরে ঘরে গিয়েছি, তাদের অভাব অভিযোগের কথা শুনেছি। সীতাকুণ্ড বাংলাদেশের প্রাচীনতম জনপদ। এ সীতাকুন্ডে রয়েছে শিল্পাঞ্চলও। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলে আমি আগামী সংসদ নির্বাচনে এ অঞ্চল থেকে নির্বাচন করার আশা রাখি। আমার শক্তি ধর্মবর্ণ দলমত নির্বিশেষে তৃণমূলের সাধারণ জনগণ। আমার পরিবারের অগ্রজ আলহাজ্ব মোহাম্মদ ইকবাল এবং গণমানুষের হৃদয়ে স্থান করে নেয়া সীতাকুণ্ডের সফলতম উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ ইকরামের পথ ধরে আমি তৃণমূল সাধারণ জনগণের নেতা হয়ে তাদের সেবা করতে চাই। আমার লক্ষ্য একটাই, মানুষের সেবা করা। কেননা, এটা ইবাদত এবং পরকালে মুক্তির সোপান।
বুধবার, ১১ অক্টোবর ২০২৩ চট্টগ্রামের একটি স্বনামধন্য রেস্তোরাঁয় সীতাকুণ্ডের কৃতীসন্তান, শিক্ষানুরাগী সমাজসেবক এবং চট্টগ্রাম প্রেসক্লাবের আজীবন দাতাসদস্য জননেতা লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান এর আহবানে অনুষ্ঠিত চট্টগ্রাম প্রেসক্লাবের কার্যকরী কমিটির সাথে মতবিনিময় সভায় অংশগ্রহন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক সোহেল সরওয়ার, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ ও বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম মঞ্জু, দৈনিক যায়যায়দিনের সিনিয়র রিপোর্টার নুরউদ্দীন খান সাগর এবং সীতাকুণ্ডের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ ইকরাম।