মোঃশামীম মিয়া, ষ্টাফ রিপোর্টার,মানিকগঞ্জ:
মহান বিজয় দিবসের অনুষ্ঠানের বেলুন ফোলানোর সময় মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আনোয়ার ব্যাপারী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১ জন।শনিবার (১৬ই ডিসেম্বর) ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় এ ঘটনা ঘটে।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।মোঃ আনোয়ার ব্যাপারী ফরিদপুর জেলার কোতয়ালী থানার আরোকান্দি গ্রামের কাওসার ব্যাপারীর ছেলে। তিনি বেলুন ব্যবসায়ী ছিলেন।
আহত ব্যক্তি কবির হোসেন (২৩) মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের আতর আলীর ছেলে। সে জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ তলায় ওই দুই বেলুন বিক্রেতা বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুন ফোলাচ্ছিলেন। এসময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এক জন নিহত হয়েছেন। বিস্ফোরণে নিহত ব্যক্তির দুটি পা উড়ে যায় এবং একটি পা দোতলার ছাদে গিয়ে পাওয়া যায়।তার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।