নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের সাতকানিয়ায় গবাদিপশুর ঘাস কাটাকে কেন্দ্র করে অস্ত্রবাজির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অস্ত্রসহ ৪ জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে জনতা। পরে তাদেরকে থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়।
আজ (শনিবার) দুপুরে সাতকানিয়া রাস্তার মাথায় কেঁওচিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নানকে গুলি করতে আসলে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন উপজেলার উত্তর ঢেমশার ৪ নং ওয়ার্ডের আলমগীর পাড়ার হারুনুর রশীদের ছেলে মো: ফয়সাল উদ্দীন (২৬), একই এলাকার হারুনের ছেলে সামিউল হাসান, উত্তর ঢেঁমশার মাইজ পাড়া এলাকার খোর্শেদ আলমের ছেলে রাশেদ বিন ছালেহ ও মাইজ পাড়ার হেলালের ছেলে মো: শাহাদাত হোসেন মিশলু।
কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, আমি ইউপি সদস্য পদে নির্বাচন করে পরাজিত হলে চিন্তা করি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবো। তারই সুবাদে ছোটখাটো একটি গরুর ফার্ম করছি এবং গরুর জন্য ঘাস ক্ষেত করেছি।
কিন্তু আমার অজান্তে জমি থেকে কে বা কারা প্রতিদিন ঘাস কেটে নিয়ে যায়। হঠাৎ আজকে একটা ছেলেকে ঘাস কাটতে দেখলে তাকে আমি চোর বলে ধরার চেষ্টা করলে সে পালিয়ে যায়।
পরে ওই ছেলে তার সাঙ্গপাঙ্গকে নিয়ে এসে আমাকে প্রকাশ্যে অস্ত্র নিয়ে দৌড়াতে থাকে একপর্যায়ে রাস্তার মাথার লোকজন তাদেরকে অস্ত্রসহ আটক করেন। পরে পুলিশের হাতে সোপর্দ করেন।
কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলী বলেন, জোর করে ঘাস কাটতে গেলে বাঁধা দেওয়ায় সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নানকে প্রকাশ্য দিবালোকে গুলি করার সময় জনগণের প্রতিরোধে ৪ জনকে অস্ত্র ও মটরসাইকেল সহ পুলিশের হাতে স্থানীয়রা সোপর্দ করেন।
এদিকে সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব শামসুল ইসলাম বলেন, আজকে বুকভরা সাহস নিয়ে এলাকাবাসী প্রকাশ্যে অস্ত্রধারীদের ধরতে সক্ষম হয়েছেন। মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের প্রতিরোধ করতে আমরা এলাকাবাসীদের নিয়ে কাজ করে যাচ্ছি। সন্ত্রাসীদের প্রতিরোধে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছি।
এদিকে সাতকানিয়া থানার এস আই আবু বক্কর বলেন, ঘটনাস্থল থেকে আমরা অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছি। মামলা দায়েরের প্রস্তুতি সম্পন্ন হলে তাদেরকে আদালতের নিকট হস্তান্তর করা হবে।