মোহাম্মদ কেফায়েত উল্লাহ (খাগড়াছড়ি থেকে) :
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলাধীন বাইল্যাছড়ি এলাকা থেকে অভিনব কায়দায় পাচারকালে জ্বালানি তেলের গাড়ি থেকে বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে গুইমারা উপজেলার জোড়া ব্রিজ এলাকা থেকে চোরাই কাঠগুলো উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু'জনকে আটক করা হয়েছে।
সংশ্লিষ্টসূত্রে জানা যায়, পানছড়ি থেকে জ্বালানি তেলের গাড়িতে করে অবৈধ পন্থায় চোরাই কাঠ পাচার হচ্ছে এমন সংবাদে ওই এলাকায় অভিযান চালায় গুইমারা থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার এক পাশে পড়ে যায়। পরে ওই তেলের গাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ সেগুন ও গোদা গাছের কাঠ উদ্ধার করা হয় যার মূল্য আনুমানিক আট লক্ষ টাকা।
গুইমারা থানার ওসি মো. আরিফুল আমিন জানান, অবৈধভাবে কাঠ পাচারের সময় বাইল্যাছড়ির জোড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে জ্বালানি তেলের গাড়ি থেকে আট লাখ টাকার কাঠ উদ্ধার করা হয়েছে। কাঠ পাচারের সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।