সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:-
কক্সবাজার জেলার পাহাড়দ্বীপ মহেশখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস পালিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপিত হয়।
মহেশখালী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাত ০০.০১ মিনিটে ভাষা শহিদদের স্মরণে মহেশখালী-কুতুবদিয়া সাংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মিনুয়ারা বেগম ও মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীখি মারমা যৌথ উপস্থিতিতে মহেশখালী কেন্দ্রীয় শহীদ মিনারে মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য ও শ্রদ্ধাঞ্জলি প্রদানের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। এর পর একে একে বাংলাদেশ পুলিশ - মহেশখালী থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয় পার্টি, মহেশখালী প্রেসক্লাব, মহেশখালী কলেজ, মহেশখালী পৌরসভা, বন বিভাগ, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয় সহ অন্যান্যরাও শহীদ মিনারে পুষ্পমাল্য ও শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
এরপরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ পালন উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীখি মারমা সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মহেশখালী-কুতুবদিয়া সাংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেন - "উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা!" কথাটা ঠিক যেন বুলেটের মতই গেঁথেছিল বাংলার দামাল ছেলেদের মনে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় হাসিমুখে প্রাণ দেয় সালাম, রফিক, বরকত, জব্বার সহ আরো অনেকে। সেই মহান আত্মত্যাগের দিনটি আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। এই দিনে সম্মান ও শ্রদ্ধা জানাই সেইসব ভাষা শহীদদের, যাঁদের আত্মত্যাগের মহিমায় প্রাণ খুলে কথা বলতে পারি বাংলায়।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন, বিশেষ অতিথি হিসেবে মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মিনুয়ারা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীখি মারমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার পাশা, মহেশখালী থানা ইনচার্জ সুকান্ত চক্রবর্তী, ভূমি কমিশনার তাজবির ইসলাম সহ সরকারী কর্মকর্তাগন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতা বিভিন্ন গ্রুপের চিত্রাংকন ও নান্দনিক হাতের লেখা প্রতিযোগিতায় মোট ৫ টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।