রুশমী আক্তার, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী।
আনারস প্রতীকে ৩০৮৯৯ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরীকে হারিয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ঘোড়া প্রতীক নিয়ে সিরাজুল ইসলাম চৌধুরী পেয়েছেন ২৯৭৯৩ ভোট। উভয়ের ভোটের ব্যবধান ১১০৬ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ মোটরসাইকেল প্রতীকে ২৯১৪ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে জেসমিন আকতার ৩৬০০৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে শাহিনা আক্তার সানা পেয়েছেন ২৫৪৪১ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ সরওয়ার মামুন চশমা প্রতীকে ৪৩১২০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে তালা প্রতীকে ফরহাদুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৭১৬৩ ভোট। অপর প্রার্থী জমিল উদ্দিন টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১১৮৫৬ ভোট। ভোটপ্রদানের শতকরা হার ২৮.৭৫℅।
বুধবার ৫ই জুন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোন ধরনের সহিংসতা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
উপজেলার চুনতি, আধুনগর, পদুয়া, আমিরাবাদ, বড়হাতিয়া, চরম্বা, কলাউজান, পুটিবিলা, লোহাগাড়া সদর ইউনিয়ন ঘুরে দেখা গেছে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। তবে বেলা বাড়ার সাথে সাথে কমেছে ভোটার উপস্থিতি। কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিলো তুলনামূলক কম।
প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মত। একটি অবাধ সুষ্ট ও অংশগ্রহণ মূলক নির্বাচন উপহার দিতে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৭ শতাধিক পুলিশ সদস্য, ৯টি স্ট্রাইকিং ফোর্স, ১২ প্লাটুন বিজিবি, র্যাবের ২টি টিম, ২২টি মোবাইল টিমসহ ও আনসার সদস্য কাজ করেছে।
লোহাগাড়ার পদুয়া, আমিরাবাদ, লোহাগাড়া সদর ইউনিয়নের বেশ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মুহাম্মদ ফকরুজ্জামান। এসময় রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক একেএম গোলাম মোর্শেদ, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান, উপজেলা সহকারী কমিশনার ভুমি নাজমুন লায়েল উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এই উপজেলার ৯টি ইউনিয়নের ৭১টি ভোটকেন্দ্রে ২ লাখ ২৩ হাজার ৬২৬ জন ভোটারের মাঝে ভোটযুদ্ধে চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রতিদ্বন্ধিতা করেছেন।