প্রিন্ট এর তারিখঃ জুন ২৩, ২০২৬, ৭:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৪, ৭:৫৯ এ.এম
মামলার অজুহাতে পাসপোর্ট না পাওয়া:-মো. কামাল উদ্দিন।

ভুক্তভোগীদের মামলার সিদ্ধান্ত পাসপোর্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় দলিল, যা প্রতিটি মানুষের জন্মগত ও সাংবিধানিক অধিকার। কিন্তু গত ১৫ বছর ধরে চট্টগ্রামে হাজারো মানুষ মামলার অজুহাতে পাসপোর্ট থেকে বঞ্চিত হয়ে আসছে। বিগত সরকার লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিল, এবং সেই মামলার কারণে তাদের যেন পাসপোর্ট না দেওয়া হয়, তা নিশ্চিত করেছিল। সাংবাদিক অধিকার থাকা সত্ত্বেও, এই তথাকথিত নিয়মের কারণে বহু নিরীহ ও অসহায় মানুষ পাসপোর্ট না পাওয়ায় চরম দুর্ভোগের শিকার হয়েছেন। অনেকের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু পাসপোর্ট না পাওয়ার কারণে তারা চিকিৎসা করতে পারেননি এবং চিকিৎসার অভাবে অনেকের মৃত্যু হয়েছে।
অথচ, মামলা থাকা অবস্থায়ও পাসপোর্ট ইস্যু করার নির্দেশ দিয়ে মহামান্য হাইকোর্ট একটি রায় দিয়েছেন। কিন্তু সেই হাইকোর্টের সুনির্দিষ্ট আদেশও অমান্য করা হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের মানুষ এই পাসপোর্ট বিড়ম্বনার শিকার হচ্ছে। এর পাশাপাশি মামলার সুযোগ নিয়ে অসাধু পুলিশ ও পাসপোর্ট অফিসের কর্মকর্তারা অবৈধ সুযোগ নিয়েছেন। এই বিষয়ে আমি দীর্ঘদিন ধরে অসংখ্য লেখা লিখেছি, কিন্তু সরকার তথা পাসপোর্ট কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেনি। কারণ, বিগত সরকারের লক্ষ্য ছিল যেন বিএনপি-জামাতের মানুষ পাসপোর্ট না পায়। এখন সেই সরকার নেই, কিন্তু তাদের দালালরা পাসপোর্ট অফিসে রয়ে গেছে, এবং তারা এখনো সেই পুরনো নির্দেশনা অনুসরণ করে আসছেন। কিছুদিন আগে আমি মাননীয় উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমাদের দৈনিক "সকালের সময়" পত্রিকাসহ একাধিক পত্রিকায় এ নিয়ে লিখেছি। এই অব্যাহত অন্যায়ের বিরুদ্ধে চট্টগ্রামের পাসপোর্ট না পাওয়া অসংখ্য ভুক্তভোগী এখন চট্টগ্রাম পাসপোর্ট অফিসারদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.