, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 77%

দীর্ঘ আলোচনা শেষে সমাপ্ত বাজেট অধিবেশন

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন হিসেবে অনুষ্ঠিত হয়, ২৬ কার্যদিবস শেষে সমাপ্ত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অধিবেশন সমাপ্তি-সংক্রান্ত ঘোষণা পাঠের মাধ্যমে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।

সংসদ সচিবালয়ের তথ্যমতে, এবারের বাজেট অধিবেশন মোট ২৬ কার্যদিবস অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা চলে ১৪ কার্যদিবস। মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিটের এ আলোচনায় অংশ নেন ৩১৬ জন সংসদ সদস্য।

অধিবেশন চলাকালে ১০টি সরকারি বিল পাস হয়। এছাড়া সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি সংসদীয় কমিটি গঠন করা হয় এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়।

সংসদের কার্যপ্রণালী-বিধির ৭১ বিধি অনুযায়ী অধিবেশনে ৭১৫টি নোটিশ জমা পড়ে। এর মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টি নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ৭১(ক) বিধি অনুযায়ী ১২৫টি দুই মিনিটের নোটিশ আলোচিত হয়েছে। এছাড়া ১৩১ বিধি অনুযায়ী চারটি সিদ্ধান্ত প্রস্তাবের ওপর আলোচনা শেষে সেগুলোর নিষ্পত্তি করা হয়।

প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়ে। এর মধ্যে ৩৫টি প্রশ্নের উত্তর সংসদের টেবিলে উপস্থাপন করা হয়েছে।

এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উদ্দেশে ৫ হাজার ৩১টি প্রশ্ন জমা পড়েছিল। এর মধ্যে ৩ হাজার ৪৭৪টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে বলে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর আলোচনা, বিভিন্ন সরকারি বিল পাস এবং সংসদীয় কার্যক্রম পরিচালনার মাধ্যমে গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও নীতিনির্ধারণী কার্যক্রম সম্পন্ন হয়।

তাজ/

  • সর্বশেষ
  • পঠিত