
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার ফিনলে স্কয়ার ভবনের পাঁচতলা থেকে নিচে পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১০টা ১০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, বিপ্লব উদ্যানের পাশে অবস্থিত ফিনলে স্কয়ার ভবনের পাঁচতলা থেকে অজ্ঞাত কারণে ওই ব্যক্তি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন ফিনলে স্কয়ারের সিকিউরিটি সুপারভাইজার প্রিয় দত্ত।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কীভাবে ওই ব্যক্তি ভবনের পাঁচতলা থেকে নিচে পড়লেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
আরু/

