
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট। যদিও এ বিষয়ে ট্রাম্প বা ইনফান্তিনোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ট্রাম্প ও ইনফান্তিনোরl মধ্যে ঘনিষ্ঠতা আরও বেড়েছে। গত ডিসেম্বরে ইনফান্তিনো ট্রাম্পকে ফিফার প্রথম ‘পিস অ্যাওয়ার্ড’ (শান্তি পুরস্কার) প্রদান করেন। এছাড়া বিশ্বকাপ চলাকালে ট্রাম্পের ফোনকলের পর যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগানের লাল কার্ডজনিত নিষেধাজ্ঞা স্থগিত করার ঘটনাও আলোচনায় আসে।
ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের মতে ইনফান্তিনো আন্তর্জাতিক অঙ্গনে একজন গ্রহণযোগ্য ও সম্মানিত ব্যক্তিত্ব, যিনি বিভিন্ন দেশের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করতে সক্ষম।
বর্তমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা। এরপর নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। তবে এই পদে নির্বাচিত হতে হলে প্রার্থীকে প্রথমে জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের সুপারিশ পেতে হবে। পরে সাধারণ পরিষদের অনুমোদন সাপেক্ষে চূড়ান্তভাবে মহাসচিব নির্বাচিত হওয়া সম্ভব।
এদিকে, ইনফান্তিনো নিজে এই পদে আগ্রহী কি না বা ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্ভাব্য প্রার্থীদের তালিকাকে খুব শক্তিশালী মনে করছেন না ট্রাম্প। আলোচনায় থাকা নামগুলোর মধ্যে রয়েছেন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তবে বিভিন্ন কূটনৈতিক ও রাজনৈতিক কারণে তাঁদের প্রার্থিতা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
অন্যদিকে, দীর্ঘদিনের অলিখিত প্রথা অনুযায়ী এবার লাতিন আমেরিকা বা ক্যারিবীয় অঞ্চল থেকে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। ফলে সুইজারল্যান্ডে জন্ম নেওয়া ইনফান্তিনোর জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। যদিও একাধিক সূত্রের দাবি, ট্রাম্পের সমর্থন ও কয়েকটি দেশের মনোনয়ন পেলে এই বাধা অতিক্রম করা অসম্ভব নয়।
ট্রাম্পের গ্লোবাল পার্টনারশিপবিষয়ক বিশেষ দূত পাওলো জামপোলি বলেছেন, ইনফান্তিনো মহাসচিব হলে তিনি সফলভাবে দায়িত্ব পালন করতে পারবেন। তাঁর মতে, ১৯৩ সদস্যবিশিষ্ট জাতিসংঘ পরিচালনার অভিজ্ঞতার সঙ্গে ফিফার ২০০-র বেশি সদস্যদেশ নিয়ে কাজ করার অভিজ্ঞতার মিল রয়েছে।
উল্লেখ্য, ইনফান্তিনো ইতোমধ্যেই আগামী মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। ফলে ভবিষ্যতে তিনি ফিফার দায়িত্বে থাকবেন নাকি জাতিসংঘের শীর্ষ পদে আসবেন—তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ইতি/

