, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 81%

চসিকের দুই প্রকৌশলীর বদলির প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই প্রকৌশলীকে ময়মনসিংহ ও রংপুর সিটি করপোরেশনে বদলিপূর্বক পদায়ন করেছে স্থানীয় সরকার বিভাগ। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন বিভাগের যুগ্মসচিব মো. রবিউল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মাদ শাহীন-উল ইসলাম চৌধুরীকে ময়মনসিংহ সিটি করপোরেশনে (মসিক) এবং নির্বাহী প্রকৌশলী (পুর) (অতিরিক্ত দায়িত্ব) মিজ ফারজানা মুক্তাকে রংপুর সিটি করপোরেশনে (রসিক) বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নতুন কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মস্থল থেকেই তারা নিজ নিজ বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা ও পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি জ্যেষ্ঠতা, পদোন্নতি, অবসর-সংক্রান্ত সুবিধাসহ অন্যান্য প্রশাসনিক কার্যক্রমও নতুন কর্মস্থল থেকেই সম্পন্ন হবে।

প্রজ্ঞাপনে দুই কর্মকর্তাকে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৭ জুলাই থেকে তারা স্ট্যান্ড রিলিজপ্রাপ্ত বলে গণ্য হবেন।

স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রমের স্বাভাবিক গতি বজায় রাখা এবং জনস্বার্থে এ বদলির আদেশ জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

আরু/ইতি

  • সর্বশেষ
  • পঠিত