, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 81%

নতুন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে জোর আলোচনা, সম্ভাব্যদের তালিকায় যাঁরা

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্র হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টায় তাঁর পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা-কল্পনা চলছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে সরকার বা বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সরকার ও বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক দায়িত্বশীল সূত্রের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি পদে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের মধ্য থেকেই একজনকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা বেশি। যদিও বিষয়টি নিয়ে দলীয় ফোরামে এখনো আনুষ্ঠানিক আলোচনা বা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সম্ভাব্য প্রার্থীদের তালিকা ইতোমধ্যে সংক্ষিপ্ত করা হয়েছে এবং বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

সরকার গঠনের পর থেকেই রাষ্ট্রপতি পদে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় রয়েছে। সম্ভাব্যদের মধ্যে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান এবং নজরুল ইসলাম খান। এছাড়া সাম্প্রতিক সময়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নামও বিভিন্ন মহলে আলোচনায় এসেছে। একই সঙ্গে একজন সাবেক প্রধান বিচারপতির নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছে।

দলীয় একাধিক সূত্রের ভাষ্য, বয়স, শারীরিক সক্ষমতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং বর্তমান বাস্তবতা বিবেচনায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নতুন করে মূল্যায়ন করা হচ্ছে। এর মধ্যে গত দুই দিনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে। বিএনপির একটি অংশ মনে করছে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দল পরিচালনায় ভূমিকা এবং জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্যতার কারণে তিনি রাষ্ট্রপতি পদের জন্য শক্তিশালী প্রার্থী হতে পারেন।

এদিকে, রাজনীতির বাইরেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে দেখার পক্ষে মত দিয়েছেন কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাঁকে রাষ্ট্রপতি পদের জন্য নিজের পছন্দের প্রার্থী হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দায়িত্বশীল নেতৃত্ব এবং পরিমিত রাজনৈতিক অবস্থানের কারণে মির্জা ফখরুল এ পদের জন্য যোগ্য।

তবে রাজনৈতিক আলোচনা ও বিভিন্ন সূত্রের তথ্যের বাইরে এখন পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নির্বাচন বা সম্ভাব্য প্রার্থী সম্পর্কে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। সংবিধান অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রম সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ইতি/

  • সর্বশেষ
  • পঠিত