, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 81%

হাম নিয়ে নতুন সংকটে যুক্তরাষ্ট্র,

বাড়ছে টিকা-অনীহা

নিজস্ব প্রতিবেদক

গত ৩৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামের (Measles) প্রাদুর্ভাবের মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞদের মতে, কোভিড-১৯ মহামারির পর টিকা গ্রহণে অনীহা, টিকা নিয়ে ভুয়া তথ্যের বিস্তার এবং জনস্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের আস্থাহীনতার কারণে পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (CDC) জানিয়েছে, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ২ হাজার ৩১৮টি হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সংখ্যা ইতোমধ্যেই ২০২৫ সালের মোট সংক্রমণকে ছাড়িয়ে গেছে। গত বছর দেশটিতে ২ হাজার ২৮৯টি সংক্রমণ এবং দুই শিশুসহ তিনজনের মৃত্যু রেকর্ড করা হয়েছিল।

আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসের সভাপতি ডা. অ্যান্ড্রু রেসিন বলেন, এটি এমন একটি জনস্বাস্থ্য সংকট, যা যথাযথ টিকাদানের মাধ্যমে সহজেই প্রতিরোধ করা সম্ভব ছিল। তাঁর ভাষায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা, আর এটিকে কোনোভাবেই স্বাভাবিক বাস্তবতা হিসেবে মেনে নেওয়া উচিত নয়।

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সাধারণত এতে জ্বর, কাশি, শ্বাসতন্ত্রের উপসর্গ এবং শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়। তবে গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া, মস্তিষ্কে প্রদাহ (এনসেফালাইটিস), স্থায়ী শারীরিক জটিলতা এমনকি মৃত্যুও ঘটতে পারে।

যুক্তরাষ্ট্রে ব্যাপক টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নের ফলে ২০০০ সালে দেশটিকে হামমুক্ত ঘোষণা করা হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে টিকাদানের হার কমে যাওয়া এবং জনস্বাস্থ্যবিষয়ক ভুল তথ্যের প্রসারের কারণে রোগটি আবারও দ্রুত ছড়িয়ে পড়ছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়েও বেশি হতে পারে। সাউথ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের মহামারি বিশেষজ্ঞ অধ্যাপক মেলিসা নোলান বলেন, অনেক ক্ষেত্রেই হামের সংক্রমণ শনাক্ত হচ্ছে না। তাঁর মতে, যেসব অভিভাবক সন্তানদের টিকা দিতে অনীহা দেখান, তাঁদের অনেকেই চিকিৎসাসেবা গ্রহণেও দ্বিধাগ্রস্ত থাকেন।

চলতি বছরে সাউথ ক্যারোলাইনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রে শিশুদের জন্য হামের টিকা বাধ্যতামূলক, তবুও অনেক অঙ্গরাজ্যে ধর্মীয় বা ব্যক্তিগত বিশ্বাসের ভিত্তিতে এ বাধ্যবাধকতা থেকে অব্যাহতির সুযোগ রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, কোভিড-১৯ মহামারির পর থেকে টিকা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য মানুষের মধ্যে টিকাবিরোধী মনোভাব বাড়িয়ে তুলেছে। অনেক অনলাইন গ্রুপে এমনকি কীভাবে টিকা না নেওয়ার জন্য আইনি ছাড় পাওয়া যায়, সে সম্পর্কেও পরামর্শ দেওয়া হচ্ছে।

২০২৫ সালের সেপ্টেম্বরে ওয়াশিংটন পোস্ট ও অলাভজনক সংস্থা কেএফএফ পরিচালিত এক জরিপে দেখা যায়, প্রতি ছয়জন মার্কিন অভিভাবকের একজন পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা এবং জনস্বাস্থ্য কর্তৃপক্ষের প্রতি আস্থার অভাবের কারণে সন্তানদের টিকা দিতে চান না অথবা বিলম্ব করেন। এ প্রবণতা বিশেষ করে শ্বেতাঙ্গ ও রক্ষণশীল জনগোষ্ঠীর মধ্যে তুলনামূলক বেশি।

অধ্যাপক মেলিসা নোলানের সতর্কবার্তা, বর্তমান হামের প্রাদুর্ভাব হয়তো আরও বড় জনস্বাস্থ্য সংকটের সূচনা। তাঁর আশঙ্কা, ভবিষ্যতে হুপিং কাশি (Whooping Cough) এবং টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য অন্যান্য সংক্রামক রোগের প্রকোপও বাড়তে পারে, যদি টিকাদানের হার দ্রুত বৃদ্ধি না পায়।

ইতি/

  • সর্বশেষ
  • পঠিত