, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 80%

আনোয়ারায় মাদকাসক্ত ছেলের হামলায় প্রাণ গেল মা-বাবার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদকাসক্ত ছেলের এলোপাথাড়ি ধারালো অস্ত্রের আঘাতে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন স্বপন দাশগুপ্ত ও তাঁর স্ত্রী কল্পনা দাশগুপ্ত। শনিবার (২৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার হাইলধর মহাজন বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে রিমন দাশগুপ্তকে রক্তমাখা কাঁচিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

স্বজনদের ভাষ্য, রিমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাঁকে একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হলেও প্রতিবার বাড়ি ফিরে পুনরায় মাদকে আসক্ত হয়ে পড়েন। ঘটনার দিনও তাঁকে চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল। চিকিৎসা শেষে বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই তিনি মা-বাবার ওপর হামলা চালান।

চট্টগ্রাম জেলার আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, নিহত দম্পতির একমাত্র সন্তান রিমন দাশগুপ্ত প্রথমে তাঁর মা কল্পনা দাশগুপ্তকে ধারালো কাঁচি দিয়ে গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। মাকে রক্ষা করতে এগিয়ে এলে বাবা স্বপন দাশগুপ্তের ওপরও একইভাবে হামলা চালানো হয়।

চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে কল্পনা দাশগুপ্তকে মৃত অবস্থায় দেখতে পান। গুরুতর আহত স্বপন দাশগুপ্তকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত রিমন দাশগুপ্তকে রক্তমাখা কাঁচিসহ আটক করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইতি/

  • সর্বশেষ
  • পঠিত