, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 87%

সাঙ্গু নদীর স্রোতে নিখোঁজ মাহিয়ান

দীর্ঘ তল্লাশির পর উদ্ধার মরদেহ

নিজস্ব প্রতিবেদক

বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা পর্যটক মো. জাওয়াদ-উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সময় ধরে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের যৌথ তল্লাশির পর রোববার (২৬ জুলাই) সকালে নদীতে ভেসে ওঠা মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৭টার দিকে সাঙ্গু নদীর তিন্দুমুখ ও বড় পাথর (রাজাপাথর) এলাকার মাঝামাঝি, ৩৮ বিজিবির অধীনস্থ তিন্দু ক্যাম্পসংলগ্ন নদীতীরে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে প্রশাসনকে খবর দেন। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

নিহত মাহিয়ান ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ১৩ জন পর্যটকের একটি দল আলীকদম-থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকা হয়ে তিন্দু বাজারে পৌঁছায়। স্থানীয় গাইড গর্জেন ত্রিপুরার তত্ত্বাবধানে তারা দুটি ইঞ্জিনচালিত নৌকায় রেমাক্রির উদ্দেশে যাত্রা করেন। একটি নৌকায় ছয়জন এবং অন্যটিতে সাতজন পর্যটক ছিলেন।

রেমাক্রির পথে তিন্দু বড় পাথর (রাজাপাথর) এলাকায় পৌঁছালে সাঙ্গু নদীর প্রবল স্রোতে সাত আরোহী নিয়ে একটি নৌকা ডুবে যায়। এ সময় ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মাহিয়ান নিখোঁজ হন।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। পরদিন চট্টগ্রাম থেকে তিন সদস্যের একটি বিশেষ ডুবুরি দল এসে স্থানীয় ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের সঙ্গে অভিযানে যোগ দেয়। মোট আটজন ডুবুরি দীর্ঘ সময় নদীতে তল্লাশি চালিয়েও মাহিয়ানের সন্ধান পাননি।

অবশেষে ঘটনার দুই দিন পর রোববার সকালে নদীতে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা প্রশাসনকে অবহিত করেন এবং বিজিবি সদস্যরা মরদেহ উদ্ধার করেন।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে এসেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিন্দু ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মংপ্রু অং মারমা বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল কাজ করেছে। উদ্ধার অভিযান ও পুরো ঘটনার বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিকে, মর্মান্তিক এ নৌকাডুবির ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

প্রশাসন জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আরু/

  • সর্বশেষ
  • পঠিত