, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 94%

৫ আগস্ট পল্টনে সমাবেশের ঘোষণা ১১–দলীয় ঐক্যের

নিজস্ব প্রতিবেদক

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীর পল্টনে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য।

মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনের সামনে সাংবাদিকদের এ কর্মসূচির ঘোষণা দেন ১১–দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। এর আগে সন্ধ্যায় একই স্থানে জোটটির লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ বলেন, ২৫ জুলাই সিলেট বিভাগীয় সমাবেশের মাধ্যমে ঘোষিত কর্মসূচির প্রথম ধাপ শেষ হয়েছে। নতুন কর্মসূচি নির্ধারণে লিয়াজোঁ কমিটির বৈঠকে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩ আগস্ট বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠকে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হবে।

লিয়াজোঁ কমিটির বৈঠকে এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মাজেদ আতহারী এবং বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। বৈঠকে সভাপতিত্ব করেন হামিদুর রহমান আযাদ। তবে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন না।

বৈঠকে সম্প্রতি হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা–২০২৬’ কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ নেতাদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ এবং নিন্দা জানানো হয়। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১–দলীয় ঐক্য ও এর শরিক দলগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে। এ সময় সিলেট ও হবিগঞ্জে ঘটে যাওয়া হামলার ঘটনাকে তিনি ‘ন্যক্কারজনক’ উল্লেখ করে বলেন, রাজনৈতিক মতপার্থক্যের জবাব রাজনৈতিকভাবেই দেওয়া উচিত, সহিংসতার মাধ্যমে নয়।

তিনি আরও অভিযোগ করেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। একই সঙ্গে যুবদল, ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপির ওপর হামলার অভিযোগ এনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে, ১১–দলীয় ঐক্য জানিয়েছে, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ৫ আগস্টের পল্টন সমাবেশকে সফল করতে জোটভুক্ত দলগুলো সমন্বিতভাবে প্রস্তুতি নেবে এবং ৩ আগস্টের বৈঠকে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত