রাঙামাটির কাপ্তাই লেকে বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম চলাকালে বোট দুর্ঘটনায় মাস্টার চিফ পেটি অফিসার (সিডি) এস এম কামরুজ্জামানের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার একদিন পর নৌবাহিনীর ডুবুরি দল তাঁর মরদেহ উদ্ধার করে।
প্রাপ্ত তথ্যমতে, গত ৩১ জুলাই প্রশিক্ষণ চলাকালে একটি সিঙ্গেল-স্ক্রু বোটে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে ঘুরতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্ধার কার্যক্রমে অংশ নেন মাস্টার চিফ পেটি অফিসার কামরুজ্জামান। একপর্যায়ে তিনি পানিতে নিখোঁজ হন। পরদিন, ১ আগস্ট সকালে বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরি দল কাপ্তাই লেক থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, প্রায় ৩৪ বছরের কর্মজীবন শেষে আর মাত্র ছয় মাস পর তাঁর অবসরে যাওয়ার কথা ছিল। দীর্ঘ কর্মজীবনে তিনি নিষ্ঠা, পেশাদারিত্ব ও কর্তব্যপরায়ণতার জন্য সহকর্মীদের কাছে সম্মানিত ছিলেন।
ঘটনার পর দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
কামরুজ্জামানের মৃত্যুতে বাংলাদেশ নৌবাহিনী, সহকর্মী এবং তাঁর নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইতি/
