পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় হাউসবোট এবং পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, সংরক্ষিত অংশে কোনো ধরনের পর্যটন কার্যক্রম পরিচালনা করা যাবে না।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওরের সংবেদনশীল বাস্তুতন্ত্র, জলজ প্রাণী ও পরিযায়ী পাখির আবাসস্থল রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত পর্যটন, উচ্চ শব্দ, বর্জ্য ফেলা এবং হাউসবোটের কারণে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল বলে অভিযোগ রয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রশাসন, বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে বিষয়টি তদারকি করবে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশবিদদের মতে, টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি রামসার এলাকা। তাই জীববৈচিত্র্য সংরক্ষণে পর্যটন কার্যক্রম নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি।
অন্যদিকে, স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, পরিবেশ রক্ষার উদ্যোগকে তারা সমর্থন করেন। তবে পর্যটন পুরোপুরি বন্ধ না করে নির্দিষ্ট নিয়ম-কানুনের মাধ্যমে পরিচালনার সুযোগ রাখার দাবি জানিয়েছেন তারা।
প্রশাসনের ভাষ্য, পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও টাঙ্গুয়ার হাওরে টেকসই পর্যটন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ইতি/
