, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 96%

যাচাইবিহীন তথ্য প্রচার রোধে পদক্ষেপ চায় পুলিশ অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যাচাইবিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ তুলে এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

সোমবার (৪ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, সম্প্রতি পুলিশপ্রধান, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার (এসপি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তথ্য প্রচার করা হচ্ছে। অ্যাসোসিয়েশনের দাবি, এসব তথ্যের অনেকগুলোই যাচাই ছাড়া প্রকাশ করা হচ্ছে, যা বিভ্রান্তি তৈরি করছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত সুনাম ক্ষুণ্ন করছে।

বিবৃতিতে আরও বলা হয়, কিছু ব্যক্তি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সাংবাদিক পরিচয়ে বিভিন্ন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ছড়িয়ে জনমনে নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা করছেন। বিশেষ করে কোনো কর্মকর্তা নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের পর তাঁকে লক্ষ্য করে এ ধরনের প্রচারণা চালানোর ঘটনাও দেখা যাচ্ছে বলে দাবি সংগঠনটির।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন স্পষ্ট করে জানিয়েছে, কোনো পুলিশ সদস্য যদি গুম, হত্যা, নির্যাতন, ক্ষমতার অপব্যবহার বা অন্য কোনো অপরাধে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হন, তাহলে প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। তবে কেবল অতীতে দায়িত্ব পালনের ভিত্তিতে বা প্রমাণ ছাড়া কোনো কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো গ্রহণযোগ্য নয় বলে তারা মনে করে।

সংগঠনটির মতে, উদ্দেশ্যপ্রণোদিত এসব প্রচারণা পুলিশ সদস্যদের মনোবল দুর্বল করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর কার্যক্রমেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই মিথ্যা তথ্য প্রচার, মানহানিকর অপপ্রচার এবং বিভ্রান্তি সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিদ্যমান আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে পুলিশ অ্যাসোসিয়েশন পেশাদার পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখতে সচেতন নাগরিক, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা কামনা করেছে

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত