, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

চট্টগ্রামের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল সিডিএ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামকে আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

তিনি বলেছেন, নগর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন ও আবাসন সমস্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে গণমাধ্যমকে তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশের পাশাপাশি জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা থাকলেও তা যেন বাস্তব তথ্য ও জনস্বার্থের ভিত্তিতে হয়।

বুধবার (৫ আগস্ট) টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত সাংবাদিকতায় মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিডিএ চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নগরী। নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা, যোগাযোগব্যবস্থা ও পরিকল্পিত নগরায়ণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগের অগ্রগতি ও বাস্তব পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, কোনো উন্নয়ন প্রকল্পের ইতিবাচক দিক যেমন তুলে ধরা প্রয়োজন, তেমনি প্রকল্প বাস্তবায়নে থাকা সমস্যা ও সীমাবদ্ধতাও নিরপেক্ষভাবে প্রকাশ করা জরুরি। তথ্যনির্ভর সমালোচনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সমস্যা চিহ্নিত ও সমাধানে সহায়তা করতে পারে। এতে উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন বেলায়েত হোসেন। তিনি বলেন, পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিসিজেএ চট্টগ্রামের সভাপতি এনামুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

এ ছাড়া অনুষ্ঠানে টিসিজেএর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া টেলিভিশন চিত্র সাংবাদিকদের হাতে প্রশিক্ষণের সনদ তুলে দেওয়া হয়।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত