, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 99%

নওফেলের বাসভবনে ফের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার চশমা হিল এলাকায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয়দের তৎপরতায় হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মেয়র গলিতে অবস্থিত বাসভবনটিতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের দিকে কয়েকজন ব্যক্তি বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে। এতে আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরিস্থিতি বুঝে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর নওফেলের ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় হামলার নিন্দা জানান। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করেন।

ঘটনাস্থল পরিদর্শন করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে কয়েকজনের একটি দল বাসভবনের ভেতরে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করেছে বলে তথ্য পাওয়া গেছে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের পতনের পর চশমা হিলের এই বাসভবনকে ঘিরে হামলার অভিযোগ এবারসহ একাধিকবার উঠেছে। এর আগে ২০২৪ সালের আগস্টে দুবার এবং পরবর্তী সময়ে আরও একবার বাসভবনটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া যায়।

মহিবুল হাসান চৌধুরী নওফেল আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী। তিনি চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত