চট্টগ্রামে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (৯ আগস্ট) রাতে নগরের রেডিসন ব্লু হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাত সোয়া ৮টার দিকে শুরু হওয়া রুদ্ধদ্বার সভা চলে প্রায় রাত ১০টা পর্যন্ত। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।
দিনভর চট্টগ্রাম ও কক্সবাজারে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পর রাতে সাংগঠনিক বৈঠকে বসেন তারেক রহমান। তবে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে সকালে হেলিকপ্টারে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে যান তারেক রহমান। সেখানে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করেন। পরে হেলিকপ্টারে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়ায় গিয়ে বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
দুপুরে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এরপর হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে হেফাজতের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেন। পরে হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত ত্রাণ বিতরণ কর্মসূচিতেও অংশ নেন।
দিনের শেষ কর্মসূচি হিসেবে রেডিসন ব্লু হোটেলে বিএনপি নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন তারেক রহমান। বৈঠক শেষে রাত ১০টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
ইতি/
