, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

কর্ণফুলীতে বালুর দখলদারি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘাত, চাঁদাবাজি ও দখলদারির অভিযোগ উঠেছে। এতে নদীর তীর ভাঙনের পাশাপাশি ঝুঁকিতে পড়েছে বসতবাড়ি, সেতু ও বিভিন্ন স্থাপনা।

রাঙ্গুনিয়ার সরফভাটা, বেতাগী, চন্দ্রঘোনা-কদমতলী, ইসলামপুরসহ বিভিন্ন এলাকায় রাতের আঁধারে ড্রেজার দিয়ে নদীর তীর ঘেঁষে বালু তোলার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, অতিরিক্ত বালু উত্তোলনের কারণে নদীর তলদেশে গভীর গর্ত তৈরি হয়ে ভাঙন বাড়ছে।

বালুর ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে রাঙ্গুনিয়ায় একাধিক হামলা, সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সর্বশেষ গত ১৩ জুন যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী গুলিতে নিহত হন। তদন্তসংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, বালু ব্যবসার বিরোধও এ হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণগুলোর একটি।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী ও সন্ত্রাসী চক্রের পাশাপাশি প্রশাসনের কারও কারও যোগসাজশে দীর্ঘদিন ধরে এ বালু-বাণিজ্য চলেছে। তবে যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের কয়েকজন তা অস্বীকার করেছেন।

চলতি বছর রাঙ্গুনিয়ার বালুমহালগুলোর নতুন ইজারা বন্ধ রেখেছে জেলা প্রশাসন। এরপর বড় আকারে বালু উত্তোলন কমলেও রাতের আঁধারে চুরি করে উত্তোলনের অভিযোগ এখনো রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদীর পাড় ঘেঁষে ড্রেজারে বালু তোলার কারণে কয়েকটি এলাকায় ভাঙন তীব্র হয়েছে। অন্যদিকে পুলিশ বলছে, বালুকে কেন্দ্র করে অপরাধ বাড়ায় উত্তোলন বন্ধ রাখতে বলা হয়েছে।

নদী ও পরিবেশসংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, শুধু অভিযান নয়—অবৈধ বালু উত্তোলনের পুরো চক্র শনাক্ত করে রাজনৈতিক ও প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করতে হবে

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত