চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) বিকেলে মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরী ‘রয়েল টাচ’ অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে আওয়ামী লীগের নেতাকর্মীদের জমায়েতের খবর পেয়ে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভার জন্য কয়েকজন নেতাকর্মী সেখানে জড়ো হয়েছিলেন। পরে বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পৌনে ৭টার মধ্যে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে রয়েছেন কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট উম্মে হাবিবা, হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তরবিষয়ক সম্পাদক মো. ইস্কান্দার মির্জা, চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক শুভ আইচ, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবমহিলা লীগের যুগ্ম আহ্বায়ক কামেলা খানম রুপা, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য সুজলা অন্তরা এবং বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক শারমিনা ইয়াসমিন নিশু।
এ ছাড়া সঞ্জয় কান্তি নাথ, এস এম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন ও মোহাম্মদ জাকির হোসেনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় ডবলমুরিং থানায় মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।
ইতি/
