চট্টগ্রামের হাটহাজারীতে এক তরুণকে ধাওয়া করে গুলি করার অভিযোগ উঠেছে কয়েকজন অস্ত্রধারীর বিরুদ্ধে। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ তরুণের নাম মুহাম্মদ আরাফাত (২৬)। তিনি পাশের বুড়িশ্চর ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মদুনাঘাট বাজার এলাকা থেকে কয়েকজন অস্ত্রধারী আরাফাতকে ধাওয়া করেন। প্রায় আধা কিলোমিটার দূরে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় পৌঁছালে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ নাজিম উদ্দিন জানান, গুলির খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন, কয়েকজন ব্যক্তি এক তরুণকে গুলি করে পালিয়ে গেছে। স্থানীয় বিরোধের জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে তাঁর ধারণা।
মদুনাঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইব্রাহিম আহমেদ জানান, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত ব্যক্তিকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের রেজিস্ট্রার উপল চৌধুরীর তথ্যমতে, আরাফাতের মুখে আঘাত রয়েছে। তবে তাঁর অবস্থা গুরুতর নয়। আঘাতটি রাবার বুলেট বা ছররা গুলির কারণে হয়ে থাকতে পারে বলে চিকিৎসকদের প্রাথমিক ধারণা।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে হামলার উদ্দেশ্য, ব্যবহৃত অস্ত্র এবং জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি
ইতি/
