, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 89%

কক্সবাজার এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, মাথা ফেটে রক্তাক্ত যাত্রী

নিজস্ব প্রতিবেদক

চলন্ত কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় শাহীন আহমদ (৩৯) নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। পাথরের আঘাতে তাঁর মাথা ফেটে গিয়ে ব্যাপক রক্তপাত শুরু হয়। পরে ট্রেনে মাইকিং করে চিকিৎসক খোঁজা হলে একাধিক চিকিৎসক এগিয়ে এসে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন।

শনিবার (২২ আগস্ট) কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসে এ ঘটনা ঘটে।

আহত শাহীন আহমদ ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা এবং উত্তরা আয়কর কার্যালয়ের প্রধান সহকারী। কক্সবাজারে একটি মাদকবিরোধী কর্মসূচিতে অংশ নেওয়া শেষে সহকর্মীর সঙ্গে তিনি ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন।

জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় কক্সবাজার এক্সপ্রেস। পরে বেলা সোয়া ৩টার দিকে লোহাগাড়া এলাকায় ট্রেনটি পৌঁছালে বাইরে থেকে ছোড়া একটি পাথর জানালা দিয়ে এসে শাহীন আহমদের মাথায় আঘাত করে। এতে তাঁর মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

ট্রেনে থাকা দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তাৎক্ষণিকভাবে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন এবং মাথায় ব্যান্ডেজ করে রক্তপাত বন্ধের চেষ্টা করেন। তবে রক্তপাত অব্যাহত থাকায় ট্রেনের মাইকে চিকিৎসক থাকার বিষয়ে ঘোষণা দেওয়া হয়। পরে একজন জ্যেষ্ঠ সার্জনসহ কয়েকজন চিকিৎসক আহত যাত্রীকে পরীক্ষা করেন এবং দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাঝপথে গোমদণ্ডী এলাকায় ট্রেন থামিয়ে শাহীনকে নামিয়ে দেওয়া হয়। পরে তাঁর সহকর্মী তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় করে বোয়ালখালীর একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়।

আহত শাহীন আহমদ জানান, দুপুরের খাবারের পর তিনি ট্রেনের জানালা সামান্য খুলে বাইরে দেখছিলেন। এ সময় হঠাৎ একটি পাথর এসে তাঁর মাথায় আঘাত করে। চিকিৎসা শেষে দ্রুত ঢাকায় ফেরার জন্য তিনি সেদিনই বিমানে ঢাকা যান। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অনেকটা ভালো বলে জানা গেছে।

এদিকে একই দিন এর আগে রামু-ইসলামাবাদ এলাকায়ও কক্সবাজার এক্সপ্রেস লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এতে একটি বগির জানালার কাচ ভেঙে গেলেও ওই ঘটনায় কেউ আহত হননি।

রেলওয়ে সূত্র বলছে, কক্সবাজার রুটে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা নতুন নয়। চলতি বছরও এ রুটে একাধিক ঘটনায় যাত্রী আহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে। এ ধরনের ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত