, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 89%

মিরসরাইয়ে গৃহবধূর মৃত্যু, বিষপানে হত্যার অভিযোগে স্বামী-শ্বশুর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে জেরিন আক্তার (২৭) নামে এক গৃহবধূকে জোর করে বিষপান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় নিহতের স্বামী ওহিদুন নবী তুহিন ও শ্বশুর শেখ আহম্মদকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৬ আগস্ট উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় জেরিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত জেরিন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের খোরমাওয়ালা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, জেরিনের পরিবারের অভিযোগ—গত ১৬ আগস্ট দুপুরে জামালপুর এলাকায় তাঁর স্বামী ওহিদুন নবী তুহিন, শ্বশুর শেখ আহম্মদ ও শাশুড়ি শিরিনা আক্তার মিলে তাঁকে জোর করে বিষপান করান। পরে অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

জেরিনের মৃত্যুর পর তাঁর পরিবারের পক্ষ থেকে জোরারগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাত সাড়ে ১০টার দিকে জামালপুর এলাকা থেকে তুহিন ও শেখ আহম্মদকে গ্রেপ্তার করে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, নিহতের পরিবারের করা মামলায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

তবে গৃহবধূকে হত্যার অভিযোগের বিষয়ে তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত