, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 89%

রাউজানে চার প্রতিষ্ঠানকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য রাখার অভিযোগে তিনটি হোটেল ও একটি বেকারিকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার জলিলনগর থেকে মুন্সিরঘাটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম।

অভিযানে আজমীর হোটেলকে ১ লাখ টাকা, আল আকসা বেকারিকে ১ লাখ টাকা এবং গাউছিয়া হোটেল ও আপনবাড়ি রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযানসংশ্লিষ্টদের বরাতে জানা গেছে, কয়েকটি প্রতিষ্ঠানে খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন ছিল। কোথাও পচা বা বাসি খাবার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য রাখার তথ্য পাওয়া যায়। এসব অনিয়মের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হয়।

ইউএনও এস. এম. রাহাতুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও পরিবেশনের ক্ষেত্রে নিয়ম না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিনের অভিযানে মাদক সেবনের অভিযোগেও দুজনকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে বলে পৃথক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত